তিন ঘণ্টার পিকনিক ক্রিকেট বলা হয় টি-২০ ফরম্যাটকে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ম্যাচকে পিকনিকের মর্যাদা দিতেও অনেকে কুণ্ঠাবোধ করবেন। দুই ইনিংস মিলে খেলা হয়েছে ৩১.৫ ওভার। উইকেট যেন মৃত্যুকূপ হয়ে ধরা দিয়েছিল ব্যাটসম্যানদের জন্য। মন্থর, নিচু বাউন্সের উইকেটে মুস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানদের বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তো চোখে-মুখে অন্ধকার দেখলেন। পায়ের তলায় জমিন খুঁজে পাওয়ার আগেই যেন ম্যাচটা হেরে গেল ব্ল্যাক ক্যাপসরা।
হোম কন্ডিশনের পূর্ণ ফায়দা লুটে গতকাল নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। তাতেই অস্ট্রেলিয়ার পর টি-২০ ফরম্যাটে কিউইদের বিরুদ্ধে প্রথম জয়ের গৌরব অর্জন করল টাইগাররা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল মাহমুদউল্লাহ বাহিনী। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
গতকাল ম্যাচ শেষে প্রেসবক্সে, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়ও দাবি উঠল, সাকিব আল হাসানের পরিবর্তে ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটা দেওয়া হোক মিরপুর স্টেডিয়ামের শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে। তার কৃতিত্বেই ম্যাচটার আয়ু দীর্ঘায়িত হয়নি।
গতকাল বাংলাদেশের বোলিং তোপে টস জিতে আগে ব্যাট করা নিউজিল্যান্ড ১৬.৫ ওভারে ৬০ রানে অলআউট হয়। জবাবে ১৫ ওভারে ৩ উইকেটে ৬২ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। অলরাউন্ড নৈপুণ্যে সাকিব ম্যাচ সেরা হন। এই জয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১টি টি-২০ জেতা অধিনায়ক এখন মাহমুদউল্লাহ। ১০ জয় নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মাশরাফি বিন মুর্তজাকে টপকে গেলেন তিনি।
টসজয়ী নিউজিল্যান্ড ৯ রানে হারিয়েছিল ৪ উইকেট। মেহেদীর করা ইনিংসের তৃতীয় বলে অভিষেকে ‘গোল্ডেন ডাক’ এর তিক্ততা নিয়ে ফেরেন রাচিন রবীন্দ্র। পরে সাকিব-নাসুমের ছোবলে ব্লানডেল, ইয়াং, গ্র্যান্ডহোম এলেন আর গেলেন। অধিনায়ক টম ল্যাথম-নিকোলসের ৩৪ রানের জুটি ভেঙে দেন সাইফউদ্দিন। তারপর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। জ্যাকব ডাফি মুস্তাফিজের শিকার হলে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ল্যাথাম ১৮, নিকোলস ১৮ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরই স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের মুস্তাফিজ দুই ওভার পাঁচ বলে ১৩ রানে তিনটি, সাকিব-নাসুম-সাইফউদ্দিন দুটি করে, মেহেদী একটি উইকেট নেন। পরে রান তাড়া করতে নেমে ৭ রানে দুই ওপেনার নাঈম শেখ (১), লিটন দাস (১) আউট হন। তৃতীয় উইকেটে সাকিব-মুশফিক ৩০ রানের জুটি গড়েন। রাচিন রবীন্দ্রর শিকার হওয়ার আগে সাকিব ২৫ রান করেন। পরে মুশফিক ও অধিনায়ক মাহমুদউল্লাহ দলের জয় নিশ্চিত করেন। মুশফিক অপরাজিত ১৬, মাহমুদউল্লাহ অপরাজিত ১৪ রান করেন। নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেল, ম্যাককনকি ও রবীন্দ্র একটি করে উইকেট নেন।
