টি-২০ বিশ্বকাপে খেলছেন না তামিম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩

কয়েক বছর ধরেই ‘স্ট্রাইক রেট’ নিয়ে সমালোচনায় জেরবার তামিম ইকবালের জীবন। ক্রিকেটের ক্ষুদে সংস্করণে যেটি আরো প্রকট হয়ে ধরা পড়েছিল। স্বেচ্ছা বিরতি, ইনজুরির কারণে গত দেড় বছর টি-২০ ফরম্যাটে খেলছেন না বাঁহাতি এ ওপেনার। তারপরও আসন্ন টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ দলে তার জায়গা কার্যত পাকাই ছিল। নির্বাচকরা পক্ষে ছিলেন, বিসিবির কর্তারাও বলছিলেন ফিট হলেই বিশ্বকাপ দলে থাকবেন তামিম।

কিন্তু দল ঘোষণার সময় যত ঘনিয়ে আসছিল, ততই অস্ফুট স্বরে বাজছিল সমালোচনার বাদ্যি। লম্বা বিরতির পর কোনো সিরিজ না খেলেই অভিজ্ঞ এ ওপেনারের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠছিল। সমালোচনার তীরে চৌচির হওয়ার আগেই এগিয়ে এলেন তামিম। পরিস্থিতি অগ্নিগর্ভ হতে না দিয়ে নিজে থেকেই সরে দাঁড়ালেন তিনি। গতকাল দুপুরে ভিডিও বার্তায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, টি-২০ বিশ্বকাপে খেলবেন না। তার অনুপস্থিতিতে খেলা তরুণদের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকেও। তবে এ ফরম্যাট থেকে অবসর নেননি তিনি।

বাংলাদেশের জার্সিতে ৭৮টি ম্যাচ খেলে টি-২০ তে ২৪.০৮ গড়ে, ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। দেশের হয়ে এ ফরম্যাটে একমাত্র সেঞ্চুরির মালিকও তিনি। বর্তমানে ওপেনিংয়ে খেলা সৌম্য সরকার (১২.৬০), লিটন দাসের (১৩৪.০২) স্ট্রাইক রেট তামিমের চেয়ে ভালো। নাঈম শেখের স্ট্রাইক রেট ১১.২৪। (গতকাল ম্যাচের আগ পর্যন্ত)। 

গতকাল ভিডিও বার্তায় তামিম বলেছেন, ‘আমার মনে হয় না, বিশ্বকাপ দলে আমার থাকা উচিত। বেসিক্যালি বিশ্বকাপের জন্য আমি ‘অ্যাভেইলঅ্যাবল’ নই।’

বিশ্বকাপের আশা ছাড়ার কারণ জানাতে গিয়ে তামিম বলেছেন, ‘এটার দুই-তিনটি কারণ আছে। একটা বড় কারণ, গেম টাইম। বেশ কয়েক দিন ধরে খেলছি না এই ফরম্যাটে। দ্বিতীয়ত, ইনজুরি। যদিও ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। কারণ আমি আশা করি যে, বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।’

এমন সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল তরুণদের সুযোগ করে দেওয়া। তামিম বলেছেন, ‘যেহেতু সবশেষ ১৫-১৬ টি-২০ খেলিনি এবং আমার জায়গায় যারা খেলছিল, আমার কাছে কোনোভাবেই মনে হয় না, এটা কোনোভাবে ফেয়ার (ন্যায্য) হবে তাদের প্রতি, যদি আমি হঠাত্ করে এসে ওদের জায়গাটা নিয়ে নেই।’

বাংলাদেশ দলকে শুভকামনা জানানোর পাশাপাশি ৩২ বছর বয়সি এ ক্রিকেটার বলেছেন, ‘আবার পরিষ্কার করে দেই, আমি অবসর নিচ্ছি না। কিন্তু এই বিশ্বকাপে আমার খেলা হবে না। আমার কাছে মনে হয়, এটাই ফেয়ার ডিসিশান। আমার মনে হয়, তরুণ যারা ওপেন করছেন বিশ্বকাপে, ওদের সুযোগ পাওয়া উচিত। কারণ, ওরা গত ১৫-১৬ ম্যাচ ধরে খেলছে। ওদের প্রস্তুতি হয়তো আমার চেয়ে ভালো থাকবে। সঙ্গে এটাও মনে করি, তারা হয়তো দলকে আমার চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে।’