আগামীকাল ৩ সেপ্টেম্বরেও ভারত-বাংলাদেশ বিমান চলাচল শুরু হচ্ছে না। গতকাল বুধবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, করোনায় স্বাস্থ্য প্রটোকল এবং এয়ারলাইনসগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৩ সেপ্টেম্বরে শুরু হচ্ছে না দুই প্রতিবেশী রাষ্ট্রের বিমান চলাচল। তবে আগামী সপ্তাহের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে গত ২৮ আগস্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ভারতের সঙ্গে এয়ারবাবল চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে। বেবিচকের একটি সূত্র জানায়, বাংলাদেশকে এয়ারবাবল চুক্তির প্রস্তাব দিয়েছিল ভারত। এর অধীনে বেবিচক তাদের একটি চিঠি পাঠায়। সেই চিঠির উত্তরে ভারত ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করে। বেবিচক জানায়, এতে দুই দেশের যাত্রীরা বাংলাদেশ বা ভারতে অবতরণের পর তৃতীয় কোনো দেশে যেতে পারবে না।
