সিরাজগঞ্জে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ

স্বামীর মৃত্যুদণ্ড বহাল রাখল আপিল বিভাগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সিরাজগঞ্জে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় স্বামী মো. আকবর আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বুধবার আসামির আপিল খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ। আদালতে আসামিপক্ষে আইনজীবী ফরিদ আহমেদ ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী শুনানি করেন।

প্রসঙ্গত, সৌদি প্রবাসী আকবর আলীর সঙ্গে ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর এই নারীর বিবাহ হয়। বিবাহের পর আকবর আলী ফের সৌদি আরব চলে যান। কয়েক মাস পর দেশে ফিরে স্ত্রীকে সৌদি আরব নিয়ে যেতে চাইলে এ নিয়ে স্বামী-স্ত্রী ও দুই পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। এ ঘটনার জেরে ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে স্ত্রীর গায়ে অ্যাসিড ঢেলে দেয়। আহত গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় পর দিন ১৯ ফেব্রুয়ারি নারীর বাবা একই উপজেলার বড় বাসুরিয়া গ্রামের মো. আবদুল আউয়াল শেখ শাহজাদপুর থানায় মামলা করেন।

২০০৯ সালের ২৩ আগস্ট সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত অ্যাসিড অপরাধ দমন আইনের ৫(ক) ধারায় আকবর আলীকে মৃত্যুদণ্ড দেয়। ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর তার মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। গতকাল আপিল বিভাগ নিম্ন আদালতের ফাঁসির রায় বহাল রাখল।