বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ আজ বৃহস্পতিবার ভারত থেকে দেশে আনা হচ্ছে। সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে বহনকারী বিমানের একটি ফ্লাইট দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, বিমানের দোহাগামী একটি ফ্লাইট দেশে ফেরার পথে নাগপুরে থামবে। ওই ফ্লাইটটি ক্যাপ্টেন নওশাদকে বাংলাদেশে নিয়ে আসবে। সকালে ফ্লাইটটি পৌঁছানোর কথা আছে। তাঁকে বহনকারী ফ্রিজিং গাড়ি বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে বের হবে। যত দূর জানা গেছে, ক্যাপ্টেন নওশাদকে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে।
ভারতের নাগপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে নওশাদ আতাউল কাইয়ুমের মৃত্যু হয়। গত শুক্রবার সকালে বিমানের একটি ফ্লাইটে ওমানের মাসকাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে ভারতের আকাশসীমায় থাকা অবস্থায় এই পাইলট হূদরোগে আক্রান্ত হন।
