সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে মিউজিক ইন্ডাস্ট্রির অপরিহার্য নাম জুয়েল মোর্শেদ। এর বাইরে শিল্পীদের গানের কপিরাইট ইস্যু থেকে শুরু করে নানা জটিলতার সমাধান করে আসছেন তিনি। তবে একজন সংগী শিল্পী হিসেবেও তার দারুণ জনপ্রিয়তা হয়েছে কয়েক বছরে। ‘কোথায় যাবি’ শিরোনামে কনা-জুয়েলের দ্বৈত গান অনেকেরই মুখে মুখে শোনা যায়। তাই যাবতীয় কাজের বাইরে নিয়মিতই নিজের গান প্রকাশ করছেন। সম্প্রতি ডিএমএস-এর ব্যানারে একটি নতুন গান প্রকাশ পেয়েছে। রিদমিক এই গানটির শিরোনাম ‘কয়লা ধুলে ময়লা যায় না’। মূলত জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত একটি নাটকের থিম ট্র্যাক এটি। গানটি লিখেছেন ত্রয়ী ইসলাম। সুর করেছেন শাওন গানওয়ালা। নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিন। ভিন্নধর্মী এই লিরিকের গান প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, ‘গানটি গাওয়ার পর ছেলে ভক্তরা কেউ কেউ মাইন্ড করেছেন। মজা করে কেউ কেউ বলেছেন, এভাবে সত্যটা বলে দিলেন। ত্রয়ী লিখেছে গানটি। তাই গানের গল্পটা ওরই জানার কথা। তবে এসব কিছুই গানটির প্রতি দর্শক-শ্রোতাদের আগ্রহই প্রমাণ করে। গানকে ভালোবাসি বলেই তো গাই। আর রিলিজের পর দর্শকদের এমন প্রতিক্রিয়া অনেক বড় পুরস্কার।’
