যে নদীর সব জলই দুধ
যে মাটির সব ধুলোই সোনা
যে গাছের সব শাখাতে ফল
যে দেশের সব আকাশে চাঁদ
যে দেশের সব মানুষ তারা
যে পাখিরা লোকগানের দূত
যে পশুরা ভালোবাসায় নত
যে বাড়িতে লক্ষ্মী নিয়মিত
যে আঙিনা ফুল ফসলে ভরা
যে পথের পানশালাতে প্রেম
যে জানালা খোলা রাখার কথা
যে দুচোখ স্বপ্ন দিয়ে গাঁথা
যে রাজার ন্যায় বিচার রীতি
যে প্রজার উঠোন জুড়ে আলো
যে পেয়াদা লোকের কাছে ভালো
যে জীবনে দুর্ভাবনা কম
যে সকালে সূর্য ওঠে রোজ
যে বরষা ফসল মাঠে-মাঠে
যে ভাষাতে মায়ের কথা মধু
যে বর্ণে সরস্বতীর খোঁজ
যে বাতাসে ঈসাখাঁদের বাড়ি
যে কেল্লা তিতুমীরের নাড়ি
যে তৃষ্ণা হিন্দু-মুসলমান
যে শান্তি হূত্কমলে জ্বলে
যে বৃন্তে বৌদ্ধ-খ্রিস্টান
যে সমাজে স্বাধীন থাকে লোক
সে আশাটা সত্যি পূরণ হোক
