গলাচিপার মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে সাপ্তাহিক গরুর হাট বসছে। গরুর হাট বসানোয় লেখাপড়ার পরিবেশ ব্যাহতসহ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। বিগত দিনগুলোতে বিদ্যালয় চলাকালীনও প্রতি সপ্তাহে বুধবার গবাদিপশুর হাট বসে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।
উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের গলাচিপা-বদনাতলী সড়কের দুই পাশে কাটাখালী বাজার অবস্থিত। সড়কের দুই পাশে বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠেছে শতাধিক দোকানপাট। বাজার থেকে উত্তর দিকে আরেকটি রাস্তা ধরে ২০০ থেকে ৩০০ ফুট গেলেই মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতি সপ্তাহের বুধবার বিদ্যালয়ের মাঠ জুড়ে বসানো হয় গরুর হাট। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ স্কুলের কয়েক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, প্রভাবশালীরা প্রতি বুধবার এখানে গরুর হাট বসান। হাট বসানোর কারণে পশুর মলমূত্রে সয়লাব হয়ে থাকে পুরো মাঠ। আশপাশের এলাকাও হয়ে থাকে নেংরা আবর্জনায় পরিপূর্ণ। তাই পরের দিন বৃৃহস্পতিবার গবাদিপশুর মলমূত্র, নোংরা আবর্জনা পরিষ্কার করতে বাধ্য করা হয় শিক্ষার্থীদের। নাম প্রকাশ না করার শর্তে কাটাখালী বাজারের একাধিক ব্যবসায়ী জানান, মহামারি করোনার কারণে দীর্ঘ সময় বিদ্যালয় বন্ধ থাকায় এটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। সম্প্রতি সরকার কর্তৃক স্কুল খোলার প্রস্তুতি নিতে বলা হলেও এখানে সে ধরনের কোনো তত্পরতা লক্ষ করা যায়নি। হাট ইজারাদারদের এক জন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাজারে নির্ধারিত জায়গা কম থাকায় দুই-চারটি গরু স্কুল মাঠে রাখা হয়। ব্যাপারটা তাদেরও খারাপ লাগে।
সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজীদ ইসলাম জানান, কাটাখালী বাজারে দীর্ঘদিন ধরে গরুর হাট বসছে। এর পাশেই স্কুলের অবস্থান কিন্তু স্কুল মাঠে গরুর হাট বসে এ ধরনের তথ্য তার জানা নেই। তিনি বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের মাঠে হাট বসানো যেন না হয় সে লক্ষ্যে নির্দেশ দেওয়া হবে। এ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, স্কুল মাঠে গরুর হাট বসানোর খবর আমার জানা নেই। তবে বিদ্যালয়ের চারদিকে সীমানা প্রাচীর নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার জানান, স্কুল মাঠে গবাদিপশুর হাট বসানো কোনোক্রমেই কাম্য নয়। স্কুল মাঠে যাতে হাট বসানো না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হাটের নির্ধারিত স্থানেই হাট বসবে।
