নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মগড়া নদীর ভাঙন হুমকিতে পড়েছে। এবার বর্ষায় পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ার পর থেকে মগড়া নদীতে ভাঙন চলছে। ইতিমধ্যে বিদ্যালয়ের পাকা টয়লেটটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভবনটি রক্ষার দাবি জানিয়ে আসছেন শিক্ষক ও এলাকাসী। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে বাগজান গ্রামে বিদ্যালয়টি স্থাপিত হয়। এর উত্তর পাশ দিয়েই বয়ে গেছে মগরা নদী। গত এক যুগ ধরে নদীর অব্যাহত ভাঙনের ফলে বর্তমানে বিদ্যালয় ভবনটি হুমকির মুখে পড়ে। এবার বর্ষায় পাহাড়ি ঢলে বিদ্যালয়ের পাকা টয়লেটটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের ধারণা দ্রুত নদীর তীরে কোন প্রতিরক্ষা বাঁধ বা ব্যবস্থা না নিলে যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে বিদ্যালয়টি।
শিক্ষার্থীদের অভিভাবক আমিনুল ইসলাম, রবিউল খান, মাহমুদা আক্তার, আবুল হোসেনসহ বেশ কয়েক জন জানান, বর্তমানে বিদ্যালয় ভবনটি ভাঙন হুমকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বিদ্যালয়টি রক্ষার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।
বিদ্যালয় ব্যবস্থা কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন, নদী ভাঙনের ফলে বিদ্যালয়ের ভবনটি হুমকির মুখে পড়েছে। ভবনটি রক্ষার জন্য উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় ইউএনও এবং জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না। নদীর পানি বাড়তে শুরু করেছে। যে কোনো সময়ে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে বিদ্যালয়ের ভবনটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে অন্তত ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। ভবনটি রক্ষার জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, নদী ভাঙনের ফলে বিদ্যালয়ের ভবনটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। তিনি সরেজমিনে দেখে দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন বলেও জানান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, তিনি বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছেন। দ্রুত এর সমাধান মিলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
