বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব ............... ববি উপাচার্য

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাদের চিন্তা-চেতনা মন ও মননে বঙ্গবন্ধুকে ধারণ করে ভবিষ্যত্ জীবনকে সাজাতে হবে। কারণ বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব।

বুধবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) আয়োজনে ‘তারুণ্যের বঙ্গবন্ধু’ প্রকাশনার মোড়ক উন্মোচন ও ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. নাসরীন আহমাদ। রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. হালিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘তারুণ্যের বঙ্গবন্ধু’ এর নির্বাহী সম্পাদক ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের সাবেক পরিচালক ড. মো. খোরশেদ আলম।