চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা হারালেন রফিকুল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৪

পীরগঞ্জ রেল স্টেশনে বৃহস্পতিবার সকালে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা হারিয়েছেন রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি। ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন পীরগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতির পর ছেড়ে যাওয়ার সময় নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল জেলার হরিপুর উপজেলা বোরুয়াল গ্রামের এরফার আলীর ছেলে। সহকারী স্টেশন মাস্টার সুজন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সহকারী স্টেশন মাস্টার সুজন আলী জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন পীরগঞ্জ রেল স্টেশনে আসার পর যাত্রাবিরতি শেষে ছেড়ে যাচ্ছিল। এ সময় ট্রেনের হুইসেল শুনে রফিকুল চলন্ত ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার দুই পা ট্রেনের চাকায় কাটা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।