চরফ্যাশনে ১০ বছরের শিশু কেফায়েত উল্যাহ রাইহান হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ চরফ্যাশন আদালতের বিজ্ঞ বিচারক মো. নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হলেন—মো. মোস্তফা, ইকবাল, জামাল উদ্দিন চৌকিদার ও জয়নাল আবেদীন গাজী। অতিরিক্ত দায়রা জজ চরফ্যাশন আদালত সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোজাম্মেল হক জানান, বিজ্ঞ বিচারক যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট। আসামিপক্ষের আইনজীবী মো. ছালেহ উদ্দিন জানান, রায়ে তারা ন্যায়বিচার পাননি। রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। উল্লেখ্য, ২০১৩ সালের ২০ মে আসামিরা ১০ বছরের শিশু কেফায়েত উল্যাহ রাইহানকে হত্যা করে। এ ঘটনায় ২০১৩ সালের ২৪ জুন মাওলানা আবদুল্লাহ আল নোমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
