ভাঙ্গুড়ায় পল্লী বিদ্যুত্ বিল পরিশোধের পরও বকেয়া!

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৪

ভাঙ্গুড়ায় পল্লী বিদ্যুতের বিল পরিশোধের পরও বকেয়া দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপসী গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মো. আকবার আলী সরদার বিলের কাগজ নিয়ে ভাঙ্গুড়া সাব-জোনাল অফিসে আসেন। একই ঘটনায় ঐ ইউনিয়নের রুপসী গ্রামের ফেলা হলদার, গদাই রুপসী গ্রামের মোতালেব হোসেন, ভাঙ্গাজোলা গ্রামের ছায়দার হোসেন, বাঁশবাড়িয়া গ্রামের জহুরুল ইসলাম এবং বাওইহাট গ্রামের গ্রাহক সাইফুল ইসলাম বৃহস্পতিবার ভিড় করেন এ অফিসে। তাদের অভিযোগ বিল পরিশোধের পরও বকেয়া দাবি করা হচ্ছে।

পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুল হান্নান ও ভাঙ্গুড়া সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড ম্যাজেমেন্ট) মো. মনির হোসেন বলেন, এসব গ্রাহকরা অগ্রণী ব্যাংকের যে শাখায় বিল দেন তা চাটমোহর উপজেলার মধ্যে হওয়ায় এর ক্লিয়ারেন্স ভাঙ্গুড়া অফিসে ফিরে আসতে ২০/২৫ দিন সময় লাগে। এর মধ্যে পরবর্তী মাসের বিল  ছেড়ে দেওয়া হয়। ফলে বকেয়া বিল সংযুক্ত হচ্ছে। এজন্য বিল পরিশোধে তারা ঐসব এলাকার গ্রাহকদের অনলাইন বা বিকাশ অ্যাপস ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি আগের বিলের কপি নিয়ে অফিসে যোগাযোগ করলে অতিরিক্ত বিল সমন্বয় করা হবে বলেও তারা  জানান।