লাকসামে ইঞ্জিন বিকল দুই ট্রেনের যাত্রা বিলম্বিত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫

লাকসামে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে বৃহস্পতিবার দুইটি ট্রেনের প্রায় পাঁচ ঘণ্টা যাত্রা বিলম্বিত হয়। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে ঐ ট্রেন দুইটির শত শত যাত্রীর। বিকল হওয়া ইঞ্জিন দুটি মেরামতের জন্য লাকসাম লোকোসেডে স্থানান্তর করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে ৭টায় লাকসাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল ৭টায় নোয়াখালীর এখলাসপুরে ইঞ্জিন বিকল হওয়ার কারণে বিকল্প ইঞ্জিন দিয়ে সকাল পৌনে ১০টায় লাকসাম স্টেশনে পৌঁছে। প্রায় তিন ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। যাত্রা বিলম্বিত হওয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

অন্যদিকে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন দুপুর পৌনে ১টায় লাকসাম আসে। যাত্রাবিরতি শেষে লাকসাম স্টেশন ছেড়ে যাওয়ার প্রাক্কালে ইঞ্জিন বিকল হওয়ার কারণে বিকল্প ইঞ্জিন দিয়ে দুপুর ২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।