কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ বৃহস্পতিবার ভোররাতে জিনজিরা অমৃতপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার টাকার ও ৫০০ ভারতীয় রুপির জাল নোট উদ্ধার করেছে। জাল টাকা ও রুপি তৈরির কারখানার সন্ধান পাওয়া ছাড়াও বিপুল পরিমাণ স্ক্রিনপ্রিন্টার, সাদা অফসেট কাগজ, রং, ট্রেসিং পেপার ইত্যাদি উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর ও মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
সার্কেল অফিসে সাংবাদিকদের প্রশ্নে জবাবে পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা খালেক চৌকিদারের ছেলে মিনার (৪৪) ও তার স্ত্রী কবিতা আক্তার রুমা দীর্ঘদিন ধরে মডেল থানার অমৃতপুর এলাকায় ফরিদ উদ্দিনের বাড়ি ভাড়া নেন। ঐ বাড়ির নিচতলায় জাল টাকা ও রুপি তৈরির বিশাল কারখানা স্থাপন করে ১ হাজার টাকার ও ভারতের ৫০০ রুপির জাল নোট তৈরি করে রাজধানীর গুলিস্তান, সদরঘাট, শাহবাগ, মিরপুর, উত্তরাসহ দেশের বিভিন্ন জেলা পর্যায় সরবরাহ করে আসছিলেন। ধৃত নারী রুমা জানান, ১ হাজার টাকার ১ লাখের বান্ডিল ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করতেন তারা। ভারতীয় ৫০০ রুপির বান্ডিল ১৫ হাজার টাকায় বিক্রি করে আসছিলেন। স্বামী মিনারসহ তাদের এই কারখানায় আরো তিন-চার জন কাজ করত। মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে মূল হোতা মিনারসহ অন্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তাদের আটক করতে ডিবিসহ পুলিশের তিনটি টিম বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
