সাভারে দুই নারীকে গলা কেটে ও পিটিয়ে হত্যা আটক ৩

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯

সাভারে পৃথক ঘটনায় নিজ ঘরের ভেতরে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে গলা কেটে এবং অপর এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে সাভারের দক্ষিণ রাজাশন ও আড়াপাড়া মহল্লা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিজ ঘর থেকে রুমা আক্তার নামে ঐ গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হলেও তার  পরিচয় জানা যায়নি।

নিহত রুমা আক্তার দক্ষিণ রাজাশন মহল্লার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। নিহতের চাচা ইব্রাহীম জানায়, প্রতিদিনের মতো রুমা বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। প্রতিদিন সে ভোরে ঘুম থেকে উঠলেও ঘটনার দিন দেরি হওয়ায় সকালে তার ঘরে যায় পরিবারের সদস্যরা। এ সময় রুমা আক্তারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের শনাক্তে বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ শুরু করেছে পুলিশ।

অপর দিকে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তানজিলাকে  পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী সোহাগ মিয়া ও তার ছোট বোনের স্বামী সুমন মিয়াকে আটক করেছে পুলিশ।