মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ’৮০ ও ’৯০-এর দশকের সাবেক ছাত্রদল ও জেলা বিএনপিসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাসুমকে আহ্বায়ক, জেলা যুবদলের সাবেক সভাপতি তারিক কাশেম খান মুকুলকে যুগ্ম-আহ্বায়ক ও মিয়া বাবুল সরকারকে সদস্যসচিব করে ২৬ সদস্যবিশিষ্ট পালটা কমিটি ঘোষণা করেন তারা। নেতৃবৃন্দ জানান, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের অযোগ্যতা, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণেই আজ দলের এই করুণ অবস্থা। ৫৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান। পাশাপাশি তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী, পরিশ্রমী ও নির্যাতিত যোগ্য নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করার অনুরোধ জানান। রফিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন তারিক কাশেম খান মুকুল, কাজী আবু সুফিয়ান বিপ্লব, বাবুল সরকার, সাইদুর রহমান, বদিউজ্জামান শ্যামলসহ বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
