চলতি বছরে আট মাসের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে বিসিবি। বুধবার রাতে ঘোষিত তালিকায় তিন ফরম্যাটের জন্য আলাদা চুক্তি করা হয়েছে। ‘এ’ প্লাস গ্রেডে থেকে তিন ফরম্যাটে চুক্তিবদ্ধ হয়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
তামিম ইকবাল টেস্ট, ওয়ানডেতে এবং মাহমুদউল্লাহ-মুস্তাফিজরা শুধু ওয়ানডে, টি-২০র কেন্দ্রীয় চুক্তিতে আছেন। মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন টেস্টে। অবসর না নিলেও সাদা পোশাকের ক্রিকেট খেলতে আগ্রহী নন মুস্তাফিজ। এখন টেস্ট খেলতে চান না বলেই তাকে চুক্তিতে রাখা হয়নি। গতকাল এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
বিসিবির এ পরিচালক বলেছেন, ‘মুস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। ও এখন টেস্টে আগ্রহী না খেলার জন্য। মুস্তাফিজ আমাদের জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টাইন বা জৈব সুরক্ষা বলয় আছে টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন বিধায় ও এখন টেস্ট খেলতে চাচ্ছে না।’ মুস্তাফিজের এমন চাওয়াকে অবশ্য ইতিবাচকভাবেই দেখছে বিসিবি। ২০১৫ সালে অভিষেকের পর বাংলাদেশের জার্সিতে ১৪ টেস্টে ৩০ উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেসার।
ক্রিকেটারদের আগ্রহ বাড়াতেই চুক্তিতে তিন ফরম্যাট রাখা হয়েছে। গতকাল আকরাম খান বলেন, ‘এবার আমরা পার্থক্য রেখেছি পারফরম্যান্সের জন্য। যেন খেলোয়াড়দের ভিতর জিনিসটা কাজ করে, টি-২০ থেকে ওরা যদি টেস্টে যায়, তাহলে স্যালারিটা অনেক বেশি,? কেউ যদি ওয়ানডেতে যায় তখনো বেশি।’
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ
আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলতে আগামী ৪ অক্টোবর ওমানে যাবে বাংলাদেশ দল। ওমানেই হবে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম রাউন্ডের সব ম্যাচ। ওমানে ক্যাম্প করলেও দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। গতকাল এমনটাই জানিয়েছেন আকরাম খান। তিনি বলেন, ‘আমরা ৪ অক্টোবর ওমানে চলে যাব। সেখানে ট্রেনিং করব। ওমান থেকে দুবাইয়ে এসে প্রস্তুতি ম্যাচ খেলব। একটি দল শ্রীলঙ্কা। দুইটা প্রস্তুতি ম্যাচ আমরা খেলছি। আইসিসির সূচি অনুযায়ীই।’
