আর কদিনের মধ্যেই হাঁটুর চোট থেকে পূর্ণাঙ্গরূপে সেরে ওঠার কথা রয়েছে তামিম ইকবালের। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে লম্বা সময়ে মাঠের বাইরে থাকার কারণে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে নেন নিজেকে। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের আগেই ব্যাট হাতে দেখা যেতে পারে বাংলাদেশি এই ওপেনারকে। সেটাও কুড়ি ওভারের ফরম্যাটে। তিন বছর পর ফের মাঠে গড়াচ্ছে নেপালের ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে তা। চতুর্থ এই আসরে তামিমকে দলে চেয়েছে ভাইরাবা গ্লাডিয়েটর্স। এ নিয়ে তামিমের সঙ্গে আলাপও হয়েছে তাদের। তবে এখনো পর্যন্ত টাইগার ওপেনার হ্যাঁ বা না কিছুই বলেননি। এ প্রসঙ্গে স্থানীয় এক সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘হ্যাঁ, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি এখনো কোনো কিছু চূড়ান্ত করিনি। আগামী দুই-এক দিনের মধ্যে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ তামিমের আগে বিদেশি হিসেবে দুই লঙ্কান তারকা উপুল থারাঙ্গা ও জীবন মেন্ডিসের সঙ্গে চুক্তি করেছে ভাইরাভা। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথও আছেন এই দলে। তাছাড়া এবারের আসরে পোখরা রিনোসের হয়ে মাঠ মাতাতে পারেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল।
