বাংলাদেশের কাছে জয়টাই মুখ্য

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:১৪

দুয়ারে কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। ওমান, আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলছে বাংলাদেশ। হোম কন্ডিশনে মিরপুর স্টেডিয়ামের স্লো, লো বাউন্সের উইকেটে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলকেও বিধ্বস্ত করেছে টাইগাররা। গত বুধবার সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয়ে অস্ট্রেলিয়ার পর টি-২০ ফরম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জয়ের খাতা খুলেছে বাংলাদেশ।

কিন্তু সর্বত্রই প্রশ্ন উঠছে এমন উইকেটে খেলে বিশ্বকাপের প্রস্তুতি কতটা হচ্ছে? ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, বাংলাদেশের মাটিতে ম্যাচগুলোতে বিশ্বকাপের প্রস্তুতি হচ্ছে না। কারণ বিশ্বকাপে উইকেট আরো ভালো থাকবে।

প্রথম ম্যাচে ১৬.৫ ওভারে মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। মাত্র দুই জন দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছিলেন। যদিও বাংলাদেশ দলের কাছে জয়ই মূল টার্গেট। ম্যাচ যেমনই হোক জয় হাতছাড়া করতে চায় না স্বাগতিকরা। গতকাল অলরাউন্ডার সাইফউদ্দিন এমনটাই বলেছেন।

আজও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ আজ বিকাল ৪টায় শুরু হবে। সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ দল গতকাল অনুশীলন করেনি। বিশ্রামে ছিল পুরো দল। সাইফউদ্দিন বলেছেন, ‘আমরা যখন ম্যাচ জিতি তখন আমরা ক্রিকেটাররা না, সারা দেশবাসীই খুশি হয়। দিনশেষে আসলে সবাই বাংলাদেশের জয়টাই দেখতে চায়। হয়ত কন্ডিশন একটু ভিন্ন বা হয়ত বা কম রান হচ্ছে টি-২০ ক্রিকেট অনুযায়ী।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলি। সেটা ১৯০ রান চেজ করেই হোক বা ১০০ বা ৯০ রান চেজ করেই হোক। আমাদের কাছে জয়টাই মুখ্য।’

ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ। পরে বিশ্বকাপের কন্ডিশনে মানিয়ে নেওয়ার আশা করছেন সাইফউদ্দিন। তিনি বলেছেন, ‘শেষ কয়েকটা সিরিজে বাংলাদেশ দুর্দান্ত খেলছে। যদিও বিশ্বকাপ  খেলতে গেলে কন্ডিশন একটু ভিন্ন হবে। তবে ওমানে অনুশীলনের সুযোগ পাব। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

প্রথম ম্যাচ জিতেই র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি পেয়ে ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় র্যাংকিংয়ে আরো উন্নতির সঙ্গে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ স্বাগতিকদের সামনে।

এদিকে গতকাল বিসিবি পরিচালক আকরাম খান বলেছেন, বৃষ্টি ও টানা ম্যাচের কারণে বছরের এই সময়ে ভালো উইকেট পাওয়া কঠিন। অর্থ্যাত্ আজও কিউইদের বিপক্ষে টাইগারদের জয়ের ছকে খুব বেশি পরিবর্তন আসছে না।