তিন ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা। তাই গতকাল থেকে শুরু হওয়া ওভাল টেস্টে এখন এগিয়ে যাওয়ার লড়াই, যে লড়াইয়ে খানিকটা পিছিয়েই আছে ভারত। ইংল্যান্ডের বোলিং লাইনআপের কাছে রীতিমতো ধুঁকছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ১২২ রান। শার্দুল ঠাকুর ৪ ও রিশাভ পান্ট ৪ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে যান।
ইংল্যান্ড সফরে এবার যেন নিজের ভাগ্যকে হারিয়ে খুঁজছেন বিরাট কোহলি। কাল অবশ্য ছোঁয়া পেয়েছিলেন, কিন্তু ভারতীয় অধিনায়ক পারলেন না সেটা কাজে লাগাতে। ২২ রানে পাওয়া জীবন ৫০ রান পর্যন্তই টেনে নিতে পেরেছেন তিনি। তার ব্যাটে চুমু খেয়ে ওলি রবিনসনের দুর্দান্ত ইনসুইঙ্গিং বল চলে যায় উইকেটকিপার জনি বেয়ারস্টোরের গ্লাভসে।
ওভালের উইকেটে টস জিতে আগে বোলিংটাই বেছে নেয় ইংল্যান্ড। সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা ক্রিস ওকস নিজের প্রথম ওভারেই দেখিয়ে দিলেন কেন তাকে পেতে মুখিয়ে ছিল ইংল্যান্ড। দলীয় ২৮ রানে রোহিত শর্মাকে (১১ রান) ফিরিয়ে স্বাগতিকদের প্রথম ব্রেক থ্রু এনে দেন এই পেসার। এরপর একে একে বিদায় নেন লোকেশ রাহুল (১৭) , চেতেশ্বর পুজারা (৪), রবীন্দ্র জাদেজা (১০) ও আজিঙ্কা রাহানে (১৪)। কোহলির ফিফটি না হলেও ১০০ রান করতেও মুশকিল হয়ে যেতো সফরকারীদের।
