করোনায় এমপি হাসিবুর রহমান স্বপনের ইন্তেকাল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৯

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন (৬৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ৩টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে শাহজাদপুরসহ সিরাজগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার জানিয়েছেন, আজ শুক্রবার তার মরদেহ বাংলাদেশে আনা হবে। বাদ জুমা শাহজাদপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে চুনিয়াখালীপাড়া মখদুমিয়া কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন হবে।

গত ফেব্রুয়ারি মাসে তুরস্কের একটি হাসপাতালে হাসিবুর রহমান স্বপনের কিডনি প্রতিস্থাপন করা হয়। সুস্থ হয়ে ১২ জানুয়ারি দেশে ফেরেন তিনি। গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়।

হাসিবুর রহমান স্বপন ৮০ দশকে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে তত্কালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঐক্যমতের সরকার গঠনের ডাক দিলে তিনি তাতে যোগ দিয়ে শিল্প উপ-মন্ত্রীর দায়িত্ব পান। সে সময় বিএনপি দল বহিষ্কার করলে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রবীণ মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের মৃৃত্যুতে রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় পার্টি-জেপির শোক

বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। জেপি নেতৃদ্বয় শোক বার্তায় বলেন, হাসিবুর রহমান স্বপন তার এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

এছাড়া জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।