করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ কমে আসায় আগামী ১৩ সেপ্টেম্বর দেশের সব মেডিক্যাল কলেজ খুলে দেওয়া হচ্ছে। একই সময়ে ডেন্টাল ও নার্সিং কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, জাতীয় কারিগরি কমিটি, সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে এ সব পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজ, আইএসটি ম্যাটস এবং ডেন্টাল কলেজ মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০০’র বেশি। এ সব প্রতিষ্ঠানে লেখাপড়া করছে প্রায় দেড় লাখ শিক্ষার্থী। গত দেড় বছর ধরে তারা সশরীরে ক্লাস না করে অনলাইনে ক্লাস করছে। গত বছর ফেব্রুয়ারি মাসে কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সংক্রমণ রোধে বিধিনিষেধ দিতে হয়েছে দফায় দফায়। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিল্পকারখানা ও গণপরিবহনও বন্ধ রাখতে হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মেডিক্যাল সেক্টর এমন একটা জায়গা, যেখানে শিক্ষা গ্রহণের জন্য ডাক্তারদের রোগীর কাছে যেতেই হবে। যদি তারা না যায় তাহলে তাদের শিক্ষা অসম্পূর্ণ রয়ে যাবে। এসব চিন্তা করেই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে পাঠদান শুরু করা হবে। তা না হলে একটা বড় গ্যাপ হয়ে যাবে। আর গ্যাপ হয়ে গেলে আমরা ভবিষ্যতে ডাক্তার পাব না। এসব চিন্তা থেকেই প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং পঞ্চম বর্ষের ক্লাস সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব নেওয়া হয়েছে।
