হবিগঞ্জের লাখাইয়ে হাওরে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাখাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসেন রনিসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গ্রেফতার অপর দুই জন হচ্ছেন—উপজেলার মোড়াকড়ি গ্রামের মিঠু মিয়া ও শুভ মিয়া। গৃহবধূর স্বামী বৃহস্পতিবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলো, মোড়াকড়ি গ্রামের মুছা মিয়া, হূদয় মিয়া, সুজাত মিয়া, জুয়েল মিয়া ও মুছা মিয়া।
জানা যায়, গত ২৫ আগস্ট বাদী তার স্ত্রী ও এক বন্ধুকে নিয়ে নৌকা ভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন। বেলা ১২টার দিকে তাদের নৌকা কৃষ্ণপুর গ্রামের পাশে টিক্কাপুর হাওরে পৌঁছলে ইঞ্জিনচালিত আরেকটি নৌকায় করে আসামিরা তাদের ঘেরাও করে। এ সময় আসামিরা ভিকটিমের স্বামী, স্বামীর বন্ধু ও নৌকার মাঝিকে প্রচণ্ড মারধর করেন। এরপর তারা তার বন্ধুর হাত-পা বেঁধে ও মাঝিকে খুনের ভয় দেখিয়ে জোরপূর্বক হাওরের স্লুইচগেটে নৌকাটিকে নিয়ে যেতে বাধ্য করে। সেখানে গিয়ে আসামিরা নৌকাতেই পালাক্রমে ঐ নববধূকে ধর্ষণ করে। এরপর তারা ধর্ষণের শিকারের স্বামী ও স্বামীর বন্ধুকে ধর্ষণের শিকারের পাশে উলঙ্গ অবস্থায় শুইয়ে তাদের ছবি ও ভিডিও ধারণ করে। তারা ৯ লাখ টাকা না দিলে এসব ছবি ও ভিডিও ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তারা বাড়িতে পৌঁছায়।
লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, পুলিশ অভিযুক্ত শুভকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে। এছাড়া র্যাব-৯ বুধ ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে রনি ও মিঠুকে গ্রেফতার করে।
মদনে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুল শিক্ষার্থী অপহরণ মামলা
এদিকে মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান, এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগে মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হক সোহাগের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার মোজাম্মেল হক ও তার বাবা আব্দুল হাইসহ অজ্ঞাত দুই-তিন জনকে আসামি করে ঐ শিক্ষার্থীর বাবা মামলাটি দায়ের করেন। জানা যায়, গত ৩০ আগস্ট সন্ধ্যায় মেয়েটি কুলিয়াটি নানা বাড়ি থেকে অটোযোগে মদন মাস্টার পাড়ায় বাসায় আসার পথে কলেজের সামনে থেকে আরগিলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হক সোহাগ তাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নেয়। শিক্ষার্থীর বাবা খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার সকালে সোহাগ ও তার বাবা আব্দুল হাইসহ অজ্ঞাত দুই-তিন জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ জানান, এ ঘটনায় জড়িত থাকলে অবশ্যই তাকে দল থেকে বহিষ্কার করার সুপারিশ করা হবে।
