স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সংসদকে জানিয়েছেন, অগ্নিদগ্ধ রোগীদের যথাযথ চিকিত্সাসেবা নিশ্চিত করার জন্য সারা দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৩৮টি সরকারি মেডিক্যাল কলেজে ৪ হাজার ৩৫০টি এবং ৭৬টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৬ হাজার ৬৫৪টি আসন রয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, বর্তমানে বেসরকারি হাসপাতালগুলো স্থাপন ও পরিচালনার কাজটি হয় অধ্যাদেশ অনুযায়ী। এ কাজের জন্য ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন, ২০১৯’ শীর্ষক একটি যুগোপযোগী আইন প্রণয়নের কাজ চলছে। শিগিগরই ঐ আইনের রূপরেখা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
নোয়াখালী-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সংসদকে জানান, বর্তমানে ঔষধ প্রশাসন অধিদপ্তরে অনুমোদিত পদ আছে ৭২০টি। তবে কাজ করছেন ৩৭০ জন। এদিকে, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সংসদকে জানান, বাংলাদেশ সরকার এপর্যন্ত বিশ্বের ৪৪টি দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি করেছে। যার মধ্যে এশিয়া মহাদেশের ২৫টি, ইউরোপ মহাদেশের ২৭টি, আফ্রিকা মহাদেশের আটটি ও লাতিন আমেরিকার একটি দেশ রয়েছে।
