শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২৩:০২

প্রধানমন্ত্রী এবং সংসদনেতা শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিগিগরই খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। এ সময় তিনি  সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষকসহ যারা কর্মরত আছেন, তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দেশে করোনা টিকার কোনো সমস্যা নেই। আমরা যেখান থেকেই পারি কিনে আনছি।’

তিনি বলেন, বিভিন্ন সংস্থা ও স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যারা কাজ করে যাচ্ছেন শুধু তাদের নয়, সবার বাড়ির কাজের লোকজন, ড্রাইভারসহ সবাই যেন টিকা পান, সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। যাতে এই ভাইরাস আর সংক্রমিত হতে না পারে।

সংসদ নেতা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা মেনে স্কুলের ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ফাইজারের কিছু  টিকা দেশে পৌঁছেছে, আরো আসবে। এছাড়া মডার্নার টিকা আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, অন্যান্য টিকাও আসছে। ৬ কোটি টিকার জন্য আমরা প্রয়োজনীয় অর্থও পাঠিয়েছি। পর্যায়ক্রমে এগুলো আসতে থাকবে।

এ সময় প্রধানমন্ত্রী যাদের শ্বাসকষ্ট, হার্টের অসুখ, ব্রংকাইটিস বা কিডনির সমস্যা রয়েছে, তাদের সাবধানে থাকার অনুরোধ করেন। তিনি আরো বলেন, ‘করোনার প্রকোপ কমলেও ডেঙ্গুর প্রকোপ রয়েছে। ডেঙ্গু থেকে বাঁচতে শুধু ঘরবাড়ি নয়, আশপাশের বাগান, বাড়ির ছাদ, ফুলের টব, এয়ারকমিন্ডশনের পানি জমে যেন মশা জন্ম নিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ এ সময় সবাইকে মশারি ব্যবহারের পরামর্শও দেন তিনি।

স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সবাইকে আবারও সতর্ক করে সংসদনেতা বলেন, ‘সারা পৃথিবীতে দেখা যাচ্ছে করোনা কখনো কমছে আবার কখনো নতুন রূপে নতুন শক্তিতে ফিরে আসছে। দেশে করোনার সংক্রমণ কমতে থাকায় বিধিনিষেধ এখন তুলে নেওয়া হয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে আমি সবাইকে অনুরোধ করব।’

হাসিবুর রহমান স্বপন অত্যন্ত জনবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জের শাহাজাদপুরে আমরা তার সহযোগিতায় অনেক কাজ করেছি।’ এ সময় প্রধানমন্ত্রী অসুস্থ ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার জন্যও দোয়া চেয়েছেন।

 সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় আরো অংশগ্রহণ করেন আওয়ামী লীগের সংসদ সদস্য আ স ম ফিরোজ, হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, শামসুল হক টুকু, আব্দুল আজিজ, জাতীয় পার্টির সংসদ সদস্য এবং সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। আলোচনা  শেষে এক মিনিট নীরবতা পালন করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 চলমান সংসদের কোনো আইনপ্রণেতা মারা গেলে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবির রেওয়াজ থাকায় এর পরই স্পিকার সংসদ অধিবেশনের মুলতবি করেন। এ নিয়ে বুধবারের পর গতকালও সংসদ মুলতবি হলো।