বশেমুরবিপ্রবির উপাচার্য ফের অবরুদ্ধ, কর্মবিরতির ঘোষণা কর্মকর্তা সমিতির

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫

চাকরি স্থায়ীকরণের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা গতকাল আবারও উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবকে অবরুদ্ধ করে রাখেন। অপর দিকে তিন দফা দাবিতে কর্মবিরতির ষোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি।

বৃহস্পতিবার সকালের দিকে আন্দোলনরত কর্মচারীরা উপাচার্য ও রেজিস্ট্রারের দপ্তরের ফটকে তালা লাগিয়ে দেন। এর আগে গত ১৬ জুন একই দাবিতে তারা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে আন্দোলনকারী কর্মচারী রফিক বলেন, জুলাই মাস থেকে আমরা বেতনবঞ্চিত। ভিসি বলেছেন, বিশ্ববিদ্যালয় ফান্ডে টাকা নাই, তাই তিনি বেতন দিতে পারবেন না। তিনি আশ্বাস দিয়ে কথা রাখেন নাই। এখন বেতন নিয়ে নয়-ছয় করছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিতাড়িত করবেন বলে হুমকি দিয়েছেন। এদিকে আইন না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া, দীর্ঘ দিন ডিউ হওয়ার পরেও আপগ্রেডেশন বোর্ড না করা এবং ডিউ ডেট বাস্তবায়ন না হওয়াতে কর্মকর্তা সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, মাস্টাররোল কর্মচারীদের কোনো বৈধতা নাই। আগে নিয়োগ বাণিজ্য হইছে, তাদের কোনো কাগজপত্রও নেই। আমি বিষয়টি ইউজিসিতে জানিয়েছি, এখানে আমার কিছু করার নেই।