বিশ্ব জুড়েই বিরাজমান পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। স্বভাবতই পুরুষশাসিত সমাজে পদে পদে প্রতিবন্ধকতার শিকার হতে হয় নারীকে। তাই ঘরের বাইরেও কর্মজীবনে পেরুতে হয় অজস্র বাধা-বিপত্তি। প্রতিভার পরিবর্তে সামনে চলে লিঙ্গভেদ। এমন বাস্তবতায় সমকালীন দক্ষিণ এশীয় চলচ্চিত্রে পুরুষত্বের উপস্থাপনা নিয়ে যৌথভাবে অনলাইন প্যানেল আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ ও ভারতের গ্যেটে ইনস্টিটিউট। এশিয়া ও ইউরোপের শিল্পী, নির্মাতা ও লেখকরা অংশ নেবেন এই কথোপকথনে। ‘ম্যান, মেইল, ম্যাসকুলিন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই আলোচনা। আজ শুক্র ও আগামীকাল শনিবার চলবে এই আয়োজন। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে https://bit.ly/RegisterGIM3 ঠিকানায়।
সমসাময়িক দক্ষিণ এশীয় চলচ্চিত্রে পুরুষত্বের উপস্থাপন শীর্ষক প্যানেল আলোচনাটি পরিচালনা করবেন ভারতীয় ফিল্ম কিউরেটর এবং সাংবাদিক মীনাক্ষী শেদ্দেকে। লিঙ্গভেদে অভিনেতাদের জন্য কীভাবে চলচ্চিত্রে আলাদাভাবে ভূমিকা লেখা হয় তা নিয়ে আলোচনা করা হবে। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের দুই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও রুবাইয়াত হোসেন এবং ভারতের দেবাশীষ মাখিজা ও তিলোত্তমা সোম। শিল্পীদের মধ্যে আলোচনায় অংশ নেবেন ভারতীয় লেখক ও কৌতুক অভিনেতা অদিতি মিত্তল, কথ্য শব্দশিল্পী অনামিকা জোশি, নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মনদীপ রাইখি; জার্মানির অভিনেত্রী সুজান সাখসে, কার্স্টিন রিকারম্যান এবং চলচ্চিত্র নির্মাতা সিল্ক বেলার। অন্য বক্তাদের মধ্যে থাকবেন নয়াদিল্লির নারীবাদী লেখক উর্বশী বুটালিয়া, জার্মানির ফ্রিল্যান্স কনসালটেন্ট ফ্লোরিয়ান ফিশার, ভারতের বর্ণবাদবিরোধী কর্মী মীনা কান্দাস্বামী, যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সুমাথি রামস্বামীসহ অনেকে।
এছাড়াও এই সম্মেলনে বাংলাদেশ ও ভারতে পুরুষত্বের বর্তমান দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হবে। বিষয়ভিত্তিক কথোপকথনে অংশ নেবেন বাংলাদেশের সাংবাদিক এশা অরোরা ও জার্মানির লেখক ফিকরি অনিল আল্টিনটাস।
