নাইক্ষ্যংছড়ি সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে ছয় জেএসএস সদস্যকে আটক করা হয়েছে। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী জনসংহতি সমিতি (জেএসএস) এর চাঁদাবাজি ও অপহরণ ঘটনায় অশান্ত হয়ে পড়েছে এলাকা। সূত্র জানায়, বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি এবং বাইশারী ইউনিয়ন এলাকার মধ্যবর্তী স্থান হাতিরঝিরি ও চাকপাড়া এলাকায় জেএসএস সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। জবাবে টহলদল পালটা গুলিবর্ষণ করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য পায়ে গুলিবিদ্ধ হন। তার সূত্র ধরে গতকাল বিকালে চাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়।
গুলিবিদ্ধ দুই জনকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। বর্তমানে ঐ এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আটককৃত সন্ত্রাসীদের নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের বিষয় প্রক্রিয়াধীন।
