নারী নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে দেশে নারীর অগ্রগতি বাধার সম্মুখীন হচ্ছে। অথচ বাংলাদেশ সিডও সনদে স্বাক্ষরের ৩৭ বছর পার করেছে। এ অবস্থায় বাংলাদেশের আইনের সঠিক বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি ও দ্রুত বিচার নিষ্পত্তির পাশাপাশি সনদের দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন বিজ্ঞজনেরা।
আজ ৩ সেপ্টেম্বর সিডও দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত ‘আদিবাসী নারীর সুরক্ষা এবং অধিকার সমুন্নত রাখা’ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন তারা। ওয়েবিনারে বক্তারা নারীর ক্ষমতায়নে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরে গ্লোবাল জেন্ডার গ্যাপ প্রতিবেদন ২০১৭ থেকে বলেন, বাংলাদেশ ১৪৪টি দেশের মধ্যে ৪৭তম স্থানে অবস্থান করছে। ঐ প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ গত ১০ বছরে জেন্ডার গ্যাপ কমিয়ে আনার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেছে। তৈরি পোশাক উত্পাদনের ক্ষেত্রে এ দেশের নারীদের একটি বড় অংশ নিয়োজিত আছে। কিন্তু বেশির ভাগ নারী অনানুষ্ঠানিক ক্ষেত্রে এবং নিম্ন আয়ের কাজে নিয়োজিত থাকায় শোভন কাজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
