ভ্যালেন্টাইনস ডে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৩

 

  ইমতিয়াজ সুলতান ইমরান

 

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ভালোবাসতে তোমাকে

মনে পড়ে গেল আমার পুরান প্রিয়া সোমাকে।

ভালোবাসার মধুর কথা বলতে প্রিয়তমাকে

প্রিয়ার কথা ভুলে গিয়ে মনে পড়ে তমাকে।

 

তমার সাথে ঘুরেফিরে মনটা দিলাম রুমাকে

রুমার প্রেমে যাইনি থেমে ভালোবাসি ঝুমাকে।

হঠাত্ একদিন রং নম্বরে পেয়ে গেলাম প্রমাকে

প্রমার সাথে প্রেম চুকিয়ে পেলাম তিলোত্তমাকে।

 

তিলোত্তমা রেখে জমা কাছে নিলাম রমাকে

রমা যতই রমরমা হোক মনটা দিলাম ক্ষমাকে।

ক্ষমার প্রেমে ক্ষান্ত হইনি ভালোবাসি উমাকে

উমার প্রেমে উম না পেয়ে বুকে নিলাম চুমাকে।

 

চুমার প্রেমে চুমু খেয়ে মন হলো খুব উতলা

ভালোবাসা জমা রাখার মহল গড়ি দুতলা।

এবার বলুন আমার মাঝে ভালোবাসা কম আছে?

ভালোবাসার দৌড়ে আমার স্টেমিনা ও দম আছে।

 

আচ্ছা বলুন মন্দ আমার ভালোবাসার নমুনা?

বুকের মাঝে বইছে প্রেমের পদ্মা মেঘনা যমুনা।

ভালোবাসা জীবনকে দেয় বেঁচে থাকার উত্সাহ

ভালোবাসা দিবস জুটায় ভাগ্যে অনেক কুত্সাও।

ক্যাডেট কলেজ, এয়ারপোর্ট, সিলেট