রয়টার্স
উত্তর কোরিয়ার অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে প্রাকৃতিক দুর্যোগ ও করোনা সংক্রমণ মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর এক বৈঠকে এই তাগিদ দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ে অবস্থিত ঐ বৈঠকের আলোচনায় অর্থনৈতিক পরিকল্পনা প্রাধান্য পায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাশাপাশি করোনা সংক্রমণ ঠেকাতে নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। আর এই দুইয়ের মারাত্মক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। এছাড়া ভারী মৌসুমি বৃষ্টিপাত ও টাইফুনে খাবার সরবরাহের ক্ষতি হওয়ায় উদ্বেগ বেড়েছে আরো।
প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় নদীর উন্নয়ন, ভূমিক্ষয় ঠেকাতে বনায়ন বৃদ্ধি এবং স্রোত ব্যবস্থাপনার তাগিদ দেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। উত্তর কোরিয়া এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হওয়ার স্বীকারোক্তি দেয়নি। তারপরও নিজ দেশের সীমান্ত বন্ধ রাখার পাশাপাশি চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করে রেখেছে। মহামারিকে জাতির টিকে থাকার প্রশ্ন হিসেবে দেখছে তারা। কিম জং উন বলেন, বিশ্ব জুড়ে বর্তমান বিপজ্জনক অবস্থা দেশ জুড়ে মহামারি মোকাবিলা ব্যবস্থা আরো জোরালো করার দাবি রাখে। তিনি বলেন, এক মুহূর্তের জন্যও এই কাজে অবহেলা করা চলবে না।
