চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় সহকারী চালক আহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০১

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে সহকারী ট্রেনচালক কাওছার আহম্মদ আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল লক্ষ্মীপুর লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিনের একটি গ্লাস ভেঙে যায়।

পরে ট্রেনটি স্টেশনে আসার পর ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ তাকে ইঞ্জিন থেকে নামিয়ে প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করে। এদিকে এ ঘটনায় রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে সন্দেহজনক ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এছাড়া এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ সহকারী পরিবহন কর্মকর্তা (ঢাকা) আমিনুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত টিম গঠন করে। ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহমেদ জানান, ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিকাল ৫টা ৪০ মিনিটে ট্রেনটি ভৈরব আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। নিক্ষিপ্ত পাথরটি ইঞ্জিনের একটি গ্লাস ভেদ করে চালকের পাশের সিটে বসে থাকা সহকারী চালক কাওছার আহম্মদের চোখে লাগে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।