বগুড়ায় সুন্ধি কাছিম উদ্ধারের পর অবমুক্ত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন থেকে একটি সুন্ধি কাছিম উদ্ধার করে অবমুক্ত করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর। বৃহস্পতিবার বিকালে কাছিমটিকে ইছামতী নদীতে অবমুক্ত করা হয়। স্থানীয়রা জানায়, ১ সেপ্টেম্বর গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামে প্রায় ৩ কেজি ওজনের একটি কচ্ছপ আটকে রেখেছে গ্রামের কিছু যুবক। পরে বৃহস্পতিবার তীরের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করেন। কাছিমটি উদ্ধারের পর মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে ইছামতী নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়। তীরের সহসভাপতি মুকিম মাহমুদ জানান, কচ্ছপটি মিঠাপানির দেশীয় প্রজাতির সুন্ধি কাছিম। এক সময় কচ্ছপটি এদেশের হাওর-বাওড়, জলাশয়, বিলে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও বর্তমানের আবাসস্থলের সংকট, অত্যাধিক শিকার, পাচারের কারণে এদের সংখ্যা অনেক কমে এসেছে। এ বিষয়ে জেলা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. জহির উদ্দিন জানান, সংগঠন তীরের পক্ষ থেকে কাছিমটির ব্যাপারে আমাকে জানানো হয়। আমাদের পরামর্শে তারা কাছিমটি উদ্ধারের পর অবমুক্ত করে।