বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০১

ট্রেড ইউনিয়নের ১৫ দফা দাবি

বরিশাল অফিস

শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, শ্রমিকদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বিভিন্ন ফি মওকুফসহ ১৫ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডে ২৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত বরিশাল ট্রেড ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন মহানগর গণফোরাম সভাপতি হিরন কুমার দাশ মিঠু, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, বরিশাল নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মাস্টার আবুল হাসেম, রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার রহমান সপ্রু, শ্রমিক নেতা জাহাঙ্গির হোসেন মুকুল, আবুল বাসার আকন, তুষার সেন প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ করতে হবে। বেকার শ্রমিকদের কাজ দিতে হবে। কাজে যোগদানের দিন শ্রমিক ও কর্মচারীদের নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে-মেয়েদের বেতন, সেশন ফি, ভর্তি ফি মওকুফ করতে হবে। সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।