বশেমুরবিপ্রবিতে অবরুদ্ধ উপাচার্য ৯ ঘণ্টা পর মুক্ত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০১

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

অবশেষে ৯ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ৮ টায় মুক্ত হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। বৃহস্পতিবার সকাল ১১টায় চাকরি স্থায়ীকরণের দাবিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে সমস্যা সমাধানে ১৬ সদস্যের কমিটি গঠনের ঘোষণা এলে তারা উপাচার্য দপ্তরের তালা খুলে দেন।

আন্দোলনকারী কর্মচারী রফিক বলেন, আমরা উপাচার্যের কাছে দাবি জানিয়েছি এক মাসের মধ্যে আমাদের সবার চাকরি স্থায়ী করতে হবে। এর পরিপ্রেক্ষিতে আমাদের সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে সেপ্টেম্বরের মধ্যেই সমস্যা সমাধান করা হবে। পরে আমরা উপাচার্য দপ্তরের তালা খুলে দিয়েছি। এ বিষয়ে অস্থায়ী কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য উপাচার্যের সাথে আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষক তছলিম আহম্মদ বলেন, অস্থায়ী কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। আশা করা যায়, বিষয়টি সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করা হবে।