ঈশ্বরদীতে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০২

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে নিখোঁজ হওয়ার এক দিন পর বাড়ির পাশের ডোবা থেকে রিজভী নামে দুই বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় শহরের বেনারসিপল্লি এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সে ঐ এলাকার হোসেন বিন পাশার ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবা হোসেন এবং এলাকার অনেকেই খোঁজাখুঁজি করে শিশুটির খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করেন। শুক্রবার সকালে এলাকাবাসী শিশুটির মৃতদেহ ডোবায় ভাসতে দেখে বিষয়টি পরিবার এবং পুলিশকে খবর দেন। থানা পুলিশের একটি দল দুপুর ১২টার দিকে বাড়ির অদূরের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।