স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
তারা জানান, গত বছরের ২ সেপ্টেম্বর সোহানুর রহমানকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয় এবং ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা ওই সময়ের মধ্যে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছেন। পরে গত ১৪ জুলাই উপজেলা আবারো পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়া হলেও তারা কমিটি গঠন করতে ব্যর্থ হন। এ কারণে বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
