বাঁশখালী পৌরসভার বাজেট ঘোষণা
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা বাঁশখালী পৌরসভায় ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভা কার্যালয়ের হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেট পেশ করেন বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী। বাঁশখালী পৌরসভার রাজস্ব বাজেট প্রারম্ভিক স্থিতি, উন্নয়ন বাজেটসহ সব মিলিয়ে আগামী অর্থবছরের জন্য সর্বমোট ১২০ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৫২২ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক নীলকণ্ঠ দাশ, প্যানেল মেয়র দেলোয়ার হোসাইন, বাঁশখালী থানার এসআই মাসুদুল হক, পৌর সচিব আবু সুফিয়ান ভূঁইয়া, কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, তপন বড়ুয়া, মহিলা কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি, নারগিস আক্তার প্রমুখ।
সখীপুরে বেহাল সড়কে ভোগান্তি
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা উপজেলার সরকারী মুজিব কলেজ-ইছাদিঘী-ছলংগা সড়কের কলেজ অংশে খানাখন্দকের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলতি বর্ষায় ঐ সড়কের ঐ অংশের খানাখন্দকে পানি জমে রয়েছে। পণ্যবাহী গাড়ী প্রায়ই আটকে যাচ্ছে এসব খানাখন্দে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই সড়ক দিয়ে সখীপুর, বাসাইল, ঘাটাইল ও কালিহাতী উপজেলা থেকে ভালুকা-সিডস্টোর হয়ে ময়মনসিংহ ও রাজধানী ঢাকায় পণ্যবাহী গাড়ি ও সাধারণ মানুষকে। ঐ কলেজের একাধিক শিক্ষক জানায়, সড়ক দিয়ে কলেজে যেতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অনেক শিক্ষকের দাপ্তরিক কাজে কলেজে যেতে হয়। বিকল্প সড়ক না থাকায় চরম ভোগান্তির মধ্যেও যেতে হচ্ছে তাদের। স্থানীয় পৌর কাউন্সিলর ফজলুর রহমান বলেন, সড়কের খানাখন্দকের সৃষ্টি হওয়ায় দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের লিখিতভাবে জানানো হয়েছে। এবিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান বলেন, ঐ সড়ক পরিদর্শন করে খানাখন্দকগুলো ইট, খোয়া ও বালু দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করা হবে। খুব শিগিগরই সংস্কারের জন্য প্রাক্কলন ব্যয় তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
পিজিডিআরডি সনদপত্র বিতরণ
শেরপুর (বগুড়া) সংবাদদাতা এক বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট (পিজিডিআরডি) প্রোগ্রামের পঞ্চম ব্যাচের ওরিয়েন্টেশন এবং ষষ্ঠ ব্যাচের সনদপত্র বুধবার বিতরণ করা হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর উদ্যোগে একাডেমির অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমদে ও কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম আব্দুল করিম।
রেল স্টেশনের উন্নয়নকাজ পরিদর্শন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর রেলওয়ে স্টেশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা। শুক্রবার সকালে তিনি ট্রেনযোগে চাটমোহর রেলস্টেশনে আসেন এবং উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. রহিমসহ রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরের ছোট ছোট খামারি ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রধান প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
মাছচাষিদের মধ্যে পিএইচ মিটার বিতরণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ফিড দ্য বাংলাদেশ আ্য্যকটিভিটির আওতায় তালায় মাছচাষিদের মধ্যে পিএইচ মিটার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার তালা উপজেলা মত্স্য অফিসারের অফিস কক্ষে ১০টি মিটার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি, ক্ষেত্র সহকারী শিবাশীষ বৈরাগী প্রমুখ।
দেশীয় মাছ সংরক্ষণ শীর্ষক মতবিনিময়
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে বৃহস্পতিবার বিকালে দেশীয় মাছ সংরক্ষণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টুপকারচর পাইলিং ঘাটে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্যাপনের অংশ হিসেবে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে। দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন।
