ঘিওরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

পিটিয়ে হত্যা করা হয়েছে :পরিবার

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।  নিহত গৃহবধূর নাম বিথী আক্তার (২২)। তার স্বামীর নাম মো. বশির ।  তিনি ঘিওর উপজেলার নকিববাড়ী গ্রামের মো. কদ্দুস মণ্ডলের মেয়ে। তার অলিদ নামে দুই বছরের এক ছেলে রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। নিহতের পরিবারের দাবি—তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

নিহতের চাচা মো. আক্তার হোসেন মণ্ডল জানান, ঘিওর উপজেলার দেওভোগ গ্রামের মো. আবুল মণ্ডলের ছেলে বশিরের সঙ্গে প্রায় ১০ বছর আগে বিথীর বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ঐ গৃহবধূর কয়েক দিন যাবত্ স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল। এরপর গত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া যায়। তাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার বিষয়ে ঘিওর থানার এসআই মো. বেলাল হোসেন জানান, খবর পেয়ে সকালেই লাশ উদ্ধার করি। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে ঘিওর থানার (ওসি তদন্ত ) মো. মহব্বত খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, নিখোঁজের তিন দিন পর গরু ব্যবসায়ী ফাইজুদ্দিন (৩৫) লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে কাপসিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীর খেয়া ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফাইজুদ্দিন পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার পৌর এলাকার উজিলাব গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি ৩০ আগস্ট গফরগাঁওয়ে গরু কিনতে গিয়ে নিখোঁজ হন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (্ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় জিডি হয়েছে। কাপাসিয়া থানা পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে।