১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালনের ডাক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

 

দেশে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, সড়ক দুর্ঘটনা ও মালিক-শ্রমিক ও কর্তৃপক্ষের একচ্ছত্র আধিপত্য থেকে মুক্তি দিতে আগামী ১৩ সেপ্টেম্বর ৩য় বারের মতো ‘যাত্রী অধিকার দিবস’ পালনের ডাক দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে বিশ্বব্যাপী বেসরকারি খাতে গণপরিবহনগুলোতে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য আরো একদফা উসকে দিয়েছে। সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ না করে পরিবহন পরিচালনা করার ফলে যাত্রী অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে।

অন্যদিকে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা দশকের (২০১১-২০২১) শেষ বর্ষেও বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে সড়ক দুর্ঘটনা কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা যায়নি। তাই যাত্রী অধিকার ও নিরাপত্তা ভূলুণ্ঠিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি দিতে যাত্রী অধিকার ও নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্টদের সামনে আনতে প্রতি বছর ১৩ সেপ্টেম্বর সংগঠনটির পক্ষ থেকে দেশে ‘যাত্রী অধিকার দিবস’ পালন করা হবে।