যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুসারে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও  মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১ সেপ্টেম্বর যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে যুবলীগ ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, যুবলীগের ঢাকা জেলা শাখা কমিটি সর্বশেষ গঠন করা হয় ২০০৪ সালে। ২০০৮ সালে কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর ১৪ বছর ধরে চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি। এই কমিটির এক শ্রেণির নেতার সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা ও করোনাকালে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া যাওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।