ট্যাকটিক্যাল সেশন করাচ্ছেন জেমি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। আজ শেষ বার অনুশীলন করে একাদশ নির্ধারণ করবেন ইংলিশ কোচ জেমি ডে। ফুটবল দল নিয়ে কিরগিজস্তানের বিশকেক শহরে যাওয়ার পর থেকে পুরো দলটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন জেমি। নতুন টুর্নামেন্ট। খেলোয়াড়ও পরিবর্তন হয়েছে, প্রবাসী ফুটবলারও ঢুকেছেন। জেমির মাথায় ঘুরপাক খাচ্ছে প্রথম ম্যাচ নিয়ে। ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচ আগামীকাল রাত সাড়ে ৮টায়।

জেমি তার খেলোয়াড়দের নিয়ে ট্যাকটিক্যাল সেশন করাচ্ছেন। প্রতিপক্ষ ফিলিস্তিন কোনো দুর্বল দল নয়। শক্তিশালী দলের বিপক্ষে লড়াই হবে বেশ কঠিন। নিজেদের ভুলত্রুটিগুলো সেরে নিতে কড়া চোখ জেমির। পাসিংগুলো কেমন হবে, মার্কিংগুলো কেমন হবে, সেটপিস নিয়েও কাজ করানো হচ্ছে।

আজ ম্যাচ ভেন্যু দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে অনুশীলন করবে ফুটবল দল। সকালে ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জিম করাবেন ফুটবলারদের।

ত্রিদেশীয় টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। স্বাগতিক কিরগিজস্তান ১-০ গোলে হারিয়েছে ফিলিস্তিনকে। কিরগিজস্তান থেকে বাফুফে জানিয়েছে উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগে ফিলিস্তিন জাতীয় দলের গোলকিপিং কোচ ইসলাম আবদোয়ার্দা মাঠের ডাগআউটে স্ট্রোক করেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

 টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল দল আগামীকাল প্রথম ম্যাচ খেলবে ফিলিস্তিনের বিপক্ষে। ৭ সেপ্টম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে এবং শেষ ম্যাচটি হবে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের বিপক্ষে।