পোপের ব্যাটে ইংল্যান্ডের লিড

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০

স্পোর্টস ডেস্ক

লর্ডস, লিডসের পরে এবার ওভালেও খেলায় বাগড়া দিলেন জার্ভো। নিজেকে ভারতের সমর্থক হিসেবে দাবি করা, এই লোক এবার ভারতের হয়ে বোলিং করতে গ্যালারি থেকে দৌড়ে নেমে পড়েন মাঠে।  ক্রিজে থাকা ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর সঙ্গে ধাক্কাও লাগে তার। পরে নিরাপত্তাকর্মীরা এসে তাকে নিয়ে যান। জার্ভোর এই বারবার মাঠে ঢুকার কারণে অনেকেই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ইংল্যান্ডের অবস্থা একটু সুবিধাজনক বলেই হয়তো তখন নেমেছিলেন জার্ভো।  ৩ উইকেটে ৫৩ রানে দিন শুরু করা ইংলিশরা গতকাল শুরুতেই হারিয়ে ফেলে  প্রথম দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যানকে।  ভারতের হয়ে দুটো উইকেটই নেন উমেশ যাদব। তবে ষষ্ঠ উইকেট ওলি পোপ ও বেয়ারস্টোর ৮৯ রানের জুটি স্বস্তি ফেরায় ইংলিশ শিবিরে।

বেয়ারস্টো  ৩৭ রানে সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। তবে হাফসেঞ্চুরি তুলে নিয়ে স্বাগতিকদের লিড এনে দেন পোপ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের চেয়ে  ১২ রানে এগিয়ে থেকে ৬ উইকেটে ২০৯ রান করেছে ইংল্যান্ড। পোপ ৬৯ রান ও মঈন আলি ২৬ রানে ব্যাট করছিলেন।