স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রামে গত ২২ আগস্ট থেকে চলছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। হেড কোচ টবি র্যাডফোর্ডকে ছাড়াই চম্পকা রমানায়েকে ও স্থানীয় কোচদের অধীনে অনুশীলন করছেন এইচপির ক্রিকেটাররা। ঢাকায় না আসলেও গতকাল বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ার খবর টুইটারে জানিয়েছেন ইংলিশ এ কোচ। মেয়াদ বাড়ায় টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন র্যাডফোর্ড।
গতকাল জানতে চাইলে এইচপির ম্যানেজার জামাল বাবু বলেছেন, প্রতি বছর ক্যাম্প অনুযায়ী তার সঙ্গে চুক্তি হয়। এই বছরও তিনি কাজ করবেন। জানা গেছে, আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় আসবেন র্যাডফোর্ড। ঢাকায় তিন দিনের কোয়ারেন্টাইন শেষে চট্টগ্রামে এইচপি দলের সঙ্গে যোগ দিবেন। এদিকে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে এইচপির সিরিজ শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝি। আগামী ১৬ সেপ্টেম্বর প্রথম চার দিনের ম্যাচ, ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে। পরে ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
