স্পোর্টস ডেস্ক
সুইডেন যা করেছে তা গত ২৮ বছরে আর কেউ করতে পারেনি। বিশ্বকাপ বাছাইপর্বেও যে স্পেন হারে, সেটা যেন ভুলে যেতেছিল সবাই। কিন্তু সুইডেন আবারও তা মনে করিয়ে দিল। ফ্রেন্ডস এরিনায় পিছিয়ে পড়েও লা রোজাদের ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ইউরোপ অঞ্চলের ‘বি’ গ্রুপের শীর্ষে উঠল দলটি।
খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই স্কোরলাইন ১-১। প্রথমে অভিষিক্তে কার্লোস সোলারের গোলে চার মিনিটে এগিয়ে যায় স্পেন। কিন্তু এই লিড ১২ সেকেন্ডও ধরে রাখতে পারেনি তারা। স্প্যানিশ অধিনায়ক সের্হিও বুসকেতসের ভুলে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেছেন সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্ডার আইজাক।
এরপর বেশির ভাগ সময় স্পেন বলের দখল রাখলেও ৫৭ মিনিটে ভিক্টর ক্লেসনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সেই গোল শোধ দিতে না পারায় ৬৬ ম্যাচ পর বিশ্বকাপ বাছাইপর্বে হেরে ফিরতে হয় স্পেনের। সবশেষ ১৯৯৩ সালে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। এমন হারের পর ক্ষুব্ধ বুসকেতস বলেন, ‘এটা লজ্জার। আমরা জিততে মাঠে নেমেছিলাম। কিন্তু নিজেদের খেলার সেরা সময়ে গোল হজম করতে হয়।’
স্পেনের হতাশার দিনে তাদেরই এক রেকর্ডে ভাগ বসিয়েছে ইতালি। অবশ্য ভাগ আছে ব্রাজিলেরও। তবে ইতালির সামনে হাতছানি দিচ্ছে তা ছাড়িয়ে যাওয়ার। গতকাল বুলগেরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে আজ্জুরিরা। কাল সুইজারল্যান্ডের বিপক্ষে হার এড়ালেই ইতিহাস গড়বে রবার্তো মানচিনির দল।
