সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুত্ফুর রহমান সমাহিত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

সিলেট অফিস

সিলেট নগরীর হজরত মানিকপীর (র.) টিলায় চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমান। শুক্রবার বেলা আড়াইটায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে হজরত মানিকপীর (র.) টিলায় তাকে দাফন করা হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মরহুমের বড় পুত্র শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. স্বপন। মরহুমের জানাজায় ইমামতি করেন দরগাহ মাদ্রাসার মুহতমীম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি। সাবেক গণপরিষদ সদস্য ও সর্বজন শ্রদ্ধেয় এ নেতার জানাজায় অংশ নিতে জুমার নামাজের পরপরই আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানাজায় অংশ নেন। জানাজা শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা লুত্ফুর রহমানের কফিনে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করা হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাবৃন্দ। এদিকে বেলা ১১টার দিকে তার মরদেহ শেষবারের মতো জেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।