মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রহিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৩

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য এম আব্দুর রহিমের আজ শনিবার পঞ্চম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের পরিবার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ হতে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এম আব্দুর রহিম মুজিবনগর সরকারের পশ্চিম অঞ্চল-১-এর চেয়ারম্যান, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর)। তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি এবং কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ছিলেন।

এম আব্দুর রহিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের পিতা। তার চার মেয়ের মধ্যে দুই জন চিকিত্সক। তিনি ৯০ বছর বয়সে ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ঢাকার বারডেম হাসপাতালে মারা যান। ১৯২৭ সালের ২১ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন এম আব্দুর রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে এলএলবি ডিগ্রি অর্জনের পরের বছর দিনাজপুর জেলা আদালতে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন তিনি। রাজশাহী কলেজের শহিদ মিনার নির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।