আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পদ্মা সেতু, মেট্রোরেল ও অন্যান্য মেগা প্রোজেক্টের সঙ্গে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আর ভোগান্তি থাকবে না।
তিনি শুক্রবার সকালে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন। তিনি আরো বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির কারণ হলো খারাপ ড্রেনেজ সিস্টেম। তবে এই প্রকল্পের কাজে ইতিমধ্যেই ৬৩ দশমিক ২৭ ভাগ অগ্রগতি হয়েছে। নির্মাণাধীন ফ্লাইওভারের নিচের ভোগান্তি এই বর্ষাকালেই হবে। পরে আর হবে না।
নির্মাণকাজের কারণে সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিআরটি প্রকল্প চালু হলে দুই পাশে প্রতি ঘণ্টায় ২০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। গাজীপুর থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট।
এই প্রকল্প ত্রুটিপূর্ণ কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এডিবি বারবার এই প্রোজেক্ট পরিদর্শন করেছে। ডিজাইনের কোনো ত্রুটি থাকলে এডিবি অর্থায়ন করত না। কাজটা শেষ হয়ে গেলে সব প্রশ্নের অবসান হবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান, বিআরটি প্রকল্পের এমডি মো. শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. ইলিয়াস শাহ প্রমুখ।
