জাপানের প্রধানমন্ত্রী সুগা পদত্যাগ করবেন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৮

করোনাকালে প্রবল প্রতিবাদ সত্ত্বেও জাপানে সফল অলিম্পিকের আয়োজন করেছেন সুগা। কিন্তু তিনি দেশে করোনা সংক্রমণে রাশ টানতে পারেননি। তার জন্য প্রবল চাপে ছিলেন। গতকাল শুক্রবার তিনি ঘোষণা করেন, আগামী মাসে ক্ষমতাসীন দলে নেতৃত্বের লড়াইয়ে তিনি থাকবেন না। ফলে জাপানে ক্ষমতাসীন দলের অন্য কোনো নেতা প্রধানমন্ত্রী হবেন। খবর ডয়েচেভেলের

আগামী ২৯ সেপ্টেম্বর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার কথা। ১৭ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে। সুগা জানিয়েছেন, তিনি এই নির্বাচনে লড়বেন না। প্রচারও করবেন না। করোনা মোকাবিলা করবেন।  সুগা বলেছেন, ‘একই সঙ্গে করোনার মোকাবিলা করা এবং নির্বাচনে লড়া কঠিন কাজ। তার জন্য প্রচুর শক্তি দরকার। তাই ঠিক করেছি, আমি করোনা মোকাবিলার দিকে নজর দেব। নির্বাচনে দাঁড়াব না।’ আগামী অক্টোবরে জাপানে সাধারণ নির্বাচন হতে পারে। সেখানে সুগা আর দলের নেতৃত্ব দেবেন না। গত বছর সেপ্টেম্বরে স্বাস্থ্য সমস্যার কথা বলে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন শিনজো অ্যাবে। তারপর সুগা প্রধানমন্ত্রী হন। এক বছর থাকার পর তিনিও সরে যাচ্ছেন।